অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে নয় বছর বয়সী অপরিচিত এক শিশুর মাথায় হাত বুলিয়ে গালে চুমু দেওয়ার ঘটনায় পাকিস্তানি এক আন্তর্জাতিক শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অভিযুক্ত ব্যক্তি দাবি করেছিলেন, নিজের সংস্কৃতিতে শিশুর প্রতি এভাবে স্নেহ প্রকাশ করা স্বাভাবিক। তবে আদালত ঘটনাটিকে সাধারণ আক্রমণ বা ‘কমন অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে তাকে সাজা দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) পোর্ট কেম্বলা লোকাল কোর্ট পাকিস্তানি ওই আন্তর্জাতিক শিক্ষার্থীকে কমন অ্যাসল্টের অপরাধে দোষী সাব্যস্ত করে ১২ মাসের তত্ত্বাবধানাধীন কমিউনিটি কারেকশনস অর্ডার দিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইলাওয়ারা মার্কারির প্রতিবেদন অনুযায়ী, দণ্ডিত ব্যক্তির নাম সৈয়দ তালহা আহমাদ (২৮)। তিনি উলংগং বিশ্ববিদ্যালয়ে প্রকল্প ব্যবস্থাপনা ও ব্যবসায়িক বিশ্লেষণ বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। পড়াশোনার পাশাপাশি উবার ইটসের খাবার সরবরাহকারী হিসেবে কাজ করতেন।
ঘটনাটি অস্ট্রেলিয়ায় বসবাসরত আন্তর্জাতিক শিক্ষার্থী ও অভিবাসীদের জন্য স্থানীয় আইন, ব্যক্তিগত সম্মতি এবং শিশুদের শারীরিক সীমানা সম্পর্কে সচেতন থাকার গুরুত্ব সামনে এনেছে।
কী ঘটেছিল
গত ৫ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে সিডনির দক্ষিণে শেলহারবারের স্টকল্যান্ড শপিং সেন্টারে ঘটনাটি ঘটে।
ওই সময় আহমাদ শপিং সেন্টারের মেক্সিকান খাবারের রেস্তোরাঁ গুজমান ই গোমেজ (জিওয়াইজি) থেকে উবার ইটসের একটি খাবারের অর্ডার সংগ্রহ করতে গিয়েছিলেন।
সেখানে স্কুলের পোশাক পরা নয় বছর বয়সী এক শিশু পরিচিত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সঙ্গে খাবারের জন্য অপেক্ষা করছিল।
আদালতে উপস্থাপিত সিসিটিভি ফুটেজের বর্ণনা অনুযায়ী, আহমাদ শিশুটির মাথার পেছনে হাত রাখেন এবং মাথায় হাত বুলিয়ে দেন। পরে নিচু হয়ে তার ডান গালে চুমু দেন। পুরো ঘটনাটি ঘটে শিশুটির সঙ্গে থাকা প্রাপ্তবয়স্ক ব্যক্তি খাবারের অর্ডার দেওয়ার সময়।
শিশুটির সঙ্গে আহমাদের আগে কোনো পরিচয় ছিল না।
সাংস্কৃতিক ব্যাখ্যা দিলেও আদালতের দণ্ড
পুলিশের কাছে আহমাদ ঘটনার কথা স্বীকার করেন। তার দাবি, পাকিস্তানে এভাবে শিশুদের প্রতি স্নেহ প্রকাশ সাংস্কৃতিকভাবে গ্রহণযোগ্য। নিউ সাউথ ওয়েলসে অপরিচিত শিশুর সঙ্গে এমন আচরণ অপরাধ হতে পারে, তা তিনি জানতেন না বলেও জানান।
আদালতে তার আইনজীবী দাবি করেন, ঘটনাটি পূর্বপরিকল্পিত কিংবা যৌন উদ্দেশ্যপ্রণোদিত ছিল না। অভিযুক্তের পূর্বের অপরাধের রেকর্ড না থাকা, নিজের আচরণের দায়িত্ব স্বীকার এবং ব্যক্তিগত সম্মতি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের বিষয়গুলোও আদালতের বিবেচনার জন্য তুলে ধরা হয়।
তবে বিচারক মার্ক ডগলাস অপরিচিত শিশুর সঙ্গে এমন আচরণের গুরুতর দিকটির ওপর গুরুত্ব দেন।
আহমাদ এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারিতে উলংগং ডিস্ট্রিক্ট কোর্টে আপিলের শুনানি হওয়ার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার আইনে ব্যক্তিগত সম্মতির গুরুত্ব
নিউ সাউথ ওয়েলসের আইনে পরিস্থিতি অনুযায়ী অন্য ব্যক্তির সম্মতি ছাড়া ইচ্ছাকৃত বা বেপরোয়াভাবে শারীরিক স্পর্শ করা কমন অ্যাসল্টের আওতায় আসতে পারে।
অস্ট্রেলিয়ায় খাবার সরবরাহের কাজে নিয়োজিত উবার ইটসের একজন রাইডার। ছবি: এবিসি নিউজের সৌজন্যে
তবে সব ধরনের শারীরিক স্পর্শ অপরাধ নয়। ঘটনার পরিস্থিতি, সম্মতি, আচরণের প্রকৃতি এবং আইনগত যুক্তিসংগত কারণ রয়েছে কি না, সেসব বিষয় বিবেচনা করা হয়।
বিশেষ করে অপরিচিত শিশুদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক যোগাযোগ এড়িয়ে চলা এবং তাদের ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করা জরুরি।
প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন পরিবারে পরিচিত শিশুদের মাথায় হাত বুলিয়ে দেওয়া কিংবা আদর করার প্রচলন রয়েছে। তবে পারিবারিক পরিবেশে স্বাভাবিক মনে হওয়া কোনো আচরণ অপরিচিত শিশুর ক্ষেত্রেও গ্রহণযোগ্য হবে, এমন ধারণা করা ঠিক নয়।
অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী, অভিভাবক ও কর্মজীবীদের জন্য ঘটনাটি স্থানীয় আইন এবং ব্যক্তিগত সম্মতির গুরুত্ব সম্পর্কে এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।
বিশেষ করে জনসমাগমস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অন্যের ব্যক্তিগত পরিসরকে সম্মান করা প্রয়োজন। শিশুদের নিরাপত্তা ও শারীরিক সীমারেখার বিষয়েও সচেতন থাকা জরুরি।
নতুন দেশে বসবাসের প্রস্তুতি শুধু ভাষা শেখা, পড়াশোনা কিংবা চাকরি খোঁজার মধ্যে সীমাবদ্ধ নয়। স্থানীয় আইন, সামাজিক রীতিনীতি এবং ব্যক্তিগত অধিকার সম্পর্কে ধারণা থাকাও সমান গুরুত্বপূর্ণ।
এই ঘটনা মনে করিয়ে দেয়, সাংস্কৃতিক পার্থক্য থাকলেও অন্যের ব্যক্তিগত সম্মতি ও নিরাপত্তাকে সম্মান করা প্রত্যেকের দায়িত্ব।