Advertisement

আওয়ামী লীগের সংবাদ প্রকাশে ‘সতর্কতা অবলম্বনের’ আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

আওয়ামী লীগের সংবাদ প্রকাশে ‘সতর্কতা অবলম্বনের’ আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: ইউএনবি

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির কর্মকাণ্ড ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

Advertisement

তিনি বলেন, জাতীয় স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমের বিশেষ সতর্ক থাকা উচিত।

আজ সোমবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বৈঠকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমানও বক্তব্য দেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

Advertisement

গত বছরের ১২ মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা সরকারি প্রজ্ঞাপনের উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ওই প্রজ্ঞাপনে দলটির পাশাপাশি এর সব সহযোগী, সমমনা ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

অনলাইনে দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা সম্পর্কে সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে ঘটে যাওয়া কোনো কোনো ঘটনার শিরোনামে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয় না।

এর ফলে পাঠকেরা বিভ্রান্ত হয়ে ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বলে ভুল ধারণা করতে পারেন, যা অপ্রয়োজনীয় আতঙ্ক সৃষ্টি করে।

এ ধরনের বিভ্রান্তি এড়াতে সংবাদ শিরোনাম ও প্রতিবেদনে যথাযথ প্রেক্ষাপট তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, গত ১৭ বছরে গণমাধ্যমের ওপর বিধিনিষেধ, সংবাদমাধ্যম ও প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যাকাণ্ডের কারণে গণমাধ্যমকর্মীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় লাগবে।

বর্তমান সরকার গণমাধ্যমের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগে বিশ্বাস করে না বলেও জানান তিনি।

সাংবাদিকদের বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের ভুলত্রুটি ও সীমাবদ্ধতা তুলে ধরতে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন। এ ধরনের সংবাদ প্রকাশে কোনো বিধিনিষেধ থাকবে না।

পাশাপাশি জাতীয় উন্নয়ন ও জনকল্যাণে সরকারের নেওয়া উদ্যোগগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এর মধ্যে এসব পোর্টালের স্বীকৃতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার বিষয়ও রয়েছে।

তিনি বলেন, কয়েক সপ্তাহ ধরে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে বাজেটসংক্রান্ত বিষয় ও জনস্বার্থ বিবেচনায় নিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে বলে এটি রাতারাতি শেষ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের সদস্যরা নিবন্ধিত অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বরাদ্দ, নিবন্ধিত ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশীদারত্বসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

তারা নিজেদের দাবিদাওয়া সংবলিত একটি লিখিত প্রস্তাবও প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।