Advertisement Banner

প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: বাসস

জনগণের প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার বেলা ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি এ কথা বলেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে বাংলাদেশ দেখতে চায়, সেই প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাবে। এ লক্ষ্য পূরণে দেশের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে এগিয়ে যাবে।

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বহু বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপন করতে পেরে প্রধানমন্ত্রী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। দেশের মানুষ ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে।

এ সময় তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণতান্ত্রিক আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান।

শেষে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী।

সম্পর্কিত