Advertisement

সংসদে জামায়াতের তীব্র সমালোচনায় ফারুক, মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানোর দাবি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সংসদে জামায়াতের তীব্র সমালোচনায় ফারুক, মুক্তিযোদ্ধা ভাতা বাড়ানোর দাবি

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দলটির তীব্র সমালোচনা করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। একই সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Advertisement

আজ শনিবার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে নোয়াখালী-২ আসনের এই বিএনপি এমপি মুক্তিযুদ্ধে জামায়াতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এবং স্বাধীনতা অর্জনের চূড়ান্ত মুহূর্তে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রসঙ্গটি স্মরণ করিয়ে দেন।

জামায়াত এমপিদের উদ্দেশে ফারুক বলেন, ‘‘আপনারা নিজেরাই নিজেদের বিচার করুন। ১৯৭১ সালে আপনারা কোথায় ছিলেন?’’

তিনি আরও বলেন, ‘‘মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দিকে তাকান। স্বাধীনতার ঠিক এক দিন আগে কারা বাংলাদেশকে মেধা-শূন্য করতে চেয়েছিল? আপনাদের এটি নিয়ে ভাবা উচিত।’’

Advertisement

ফারুক উল্লেখ করেন যে, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেডিওর ভাষণ শুনে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, ‘‘যখন আমরা রেডিওতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠে যুদ্ধের ডাক শুনেছিলাম, তখন আমরা এই দলের সাথে ছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় ছেড়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম।’’

বর্তমানে জামায়াতে ইসলামীর মধ্যেও অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন—এ কথা স্বীকার করে ফারুক তাদের প্রতি আহ্বান জানান যেন তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি কথা বলেন এবং বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা বাড়ানোর পক্ষে সোচ্চার হন।