চুক্তিপত্র রেজিস্ট্রির বিনিময়ে ২ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর সাব-রেজিস্ট্রারসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে।
আজ মঙ্গলবার পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুদক জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর একটি ট্র্যাপ টিম এই অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন, পাহাড়তলীর সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, প্রধান সহকারী (হেড ক্লার্ক) ফারুক ইসলাম এবং উমেদার রূপন দাশ।
দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র রেজিস্ট্রির জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দাখিল করেন। দলিলের কোনো আইনি ত্রুটি না থাকা সত্ত্বেও কাজ আটকে রেখে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও প্রধান সহকারী ফারুক ইসলাম যৌথভাবে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন।
হয়রানির শিকার হয়ে সংশ্লিষ্ট আইনজীবী দুদকের হটলাইন ১০৬-এ অভিযোগ জানান এবং পরবর্তীতে দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ে লিখিত আবেদন দাখিল করেন।
অভিযোগের ভিত্তিতে কমিশনের অনুমোদন নিয়ে চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর একটি ট্র্যাপ টিম ফাঁদ পাতে। আজ দুপুরে কার্যালয় থেকে ঘুষের নগদ ২ লাখ টাকাসহ অভিযুক্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
দুদক কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।