Advertisement

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক (কপ-৩১) সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement

আজ শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

Advertisement

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাকে বিদায় জানান।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১-এ অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী কপ-৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান। বৃহস্পতিবার তিনি কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।