ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আগের দিন ইরানের পক্ষ থেকে মার্কিন বাহিনীর ওপর চালানো ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে স্থানীয় সময় বুধবার রাত ১০টায় ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।
সেন্ট্রাল কমান্ড জানায়, হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কয়েক ডজন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
এর মধ্যে ছিল সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থাপনা, উপকূলীয় নজরদারি ও প্রতিরক্ষা কেন্দ্র এবং সামুদ্রিক সক্ষমতাসংক্রান্ত স্থাপনা।
মার্কিন বাহিনীর দাবি, এসব হামলার উদ্দেশ্য ছিল ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলোর কারণে মার্কিন সেনা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং উপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর জন্য তৈরি হওয়া হুমকি আরও কমিয়ে আনা।
সেন্টকমের ভাষ্য অনুযায়ী, গত ২৮ জুলাই আইআরজিসি ইরান থেকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে আকস্মিকভাবে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
সেন্টকম জানিয়েছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।