প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ভারতীয় কয়েকটি গণমাধ্যমে ভুলভাবে প্রকাশ করে হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া ওই বক্তব্যে তারেক রহমান কোনো দেশের নাম উল্লেখ করেননি বলেও স্পষ্ট করা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা বলেছেন।
মুখপাত্র জানান, ওই সংবাদমাধ্যমগুলো দাবি করা হয়েছিল, ১৯ নভেম্বর লালমনিরহাটে দেওয়া বক্তব্যে বাংলাদেশে আওয়ামী লীগের সহিংসতার জন্য প্রধানমন্ত্রী ভারতকে দায়ী করেছেন। কিন্তু তিনি কোনো দেশের নাম উল্লেখ করেননি। এসব সংবাদমাধ্যম তার বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসীরা এখন বিভিন্ন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে।” তার অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের এসব সহিংস কর্মকাণ্ড বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। একই সঙ্গে নেতিবাচক ভাবমূর্তি তৈরির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরও ক্ষতি করছে। এই বিপদ আরও ছড়িয়ে পড়ার আগেই তা দূর করা সব দেশের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের অবস্থান আগের মতোই অটল রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করি। এটি এমন এক সম্পর্ক, যা দুই দেশের যৌথ ইতিহাস ও মানুষের অভিন্ন সাংস্কৃতিক মূলবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনার বিষয়ে আমার নতুন কোনো মন্তব্য নেই।”
তার আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহিংসতার রাজনীতির বিরুদ্ধে শক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নিতে বলেন তিনি।
ওইদিন লালমনিরহাট জেলার এক জনসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছিলেন, “তারা (আওয়ামী লীগ) এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।”