ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে পেছনে ফেলে ডানপন্থী প্রার্থী ফ্লাভিও বলসোনারো প্রথম দফায় জয়ী হয়েছেন। তবে সরাসরি নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট তিনি পাননি। তাই আগামী ২৫শে অক্টোবর এই দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফ্লাভিও বলসোনারো সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। গত নির্বাচনে পরাজয়ের পর ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনার জন্য জাইর বলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
বিবিসি জানিয়েছে, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ফ্লাভিও বলসোনারো পেয়েছেন ৪৭ দশমিক ৩ শতাংশ এবং লুলা পেয়েছেন ৪৫ দশমিক ১৬ শতাংশ ভোট।
বলসোনারোর ফলাফল প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। ফলে দ্বিতীয় দফায় তিনিই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। কারণ প্রথম দফায় বাদ পড়া কয়েকজন প্রার্থীর মধ্যে ডানপন্থী ভোটারদের উল্লেখযোগ্য অংশ ছিল।
লুলা ও বলসোনারো ব্রাজিলের রাজনীতির দুটি বড় নাম। তাদের মধ্যে একজন বামপন্থী এবং অন্যজন ডানপন্থী। সার্বভৌমত্ব, অপরাধ, অর্থনীতি ও দুর্নীতিকে ইস্যু করে তাদের প্রতিদ্বন্দ্বিতায় ব্রাজিলে বিভাজন আরও তীব্র হয়েছে।
লুলা ব্রাজিলের দরিদ্র উত্তর-পূর্বাঞ্চল, নিম্ন-আয়ের মানুষ, ক্যাথলিক এবং নারীদের মধ্যে তুলনামূলকভাবে বেশি জনপ্রিয়। তিনি চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছেন। এর আগে তিনি ২০০২ ও ২০০৬ সালে এবং পরে ২০২২ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন।
এদিকে, লাতিন আমেরিকার অধিকাংশ দেশই এখন ডানপন্থী এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে অবস্থান নেওয়া প্রেসিডেন্ট নির্বাচিত করছে। দ্বিতীয় দফার ফলাফল নির্ধারণ করবে লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশ ও অর্থনীতি ব্রাজিলও সেই পথে যাবে কি না।