লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মো. নিশান ওরফে ছোট নিশানকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নিশানের সাথে থাকা অস্ত্র ও গুলি চন্দ্রগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট করা হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১১ এই তথ্য জানায়।
গতকাল মঙ্গলবার উপজেলার পোদ্দার বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা পোদ্দার বাজার এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছোট নিশানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও ভাঁজ করা চাকু পাওয়া যায়। তার সাথে থাকা মোটরসাইকেলটিও জব্দ করা হয়। উদ্ধার করা পিস্তল ও গুলি জুলাই গণ-অভ্যুত্থানের সময় থানা থেকে লুট হয়েছিল বলে জানিয়েছেন নিশান।
নিশানের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। এছাড়া, তিনি একাধিক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, “আজ র্যাব আমাদের কাছে নিশানকে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। নিশান পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”