রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গুদামে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় করা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিরোধ মীমাংসা করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে মামলার বাদী ও ব্যবস্থাপক আফসার উদ্দিনকে কল করে এ হুমকি দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, তিনি মামলার বাদীর সঙ্গে কথা বলেছেন। আফসার উদ্দিন তাকে হুমকির ফোনালাপের অডিও রেকর্ডিং পাঠিয়েছেন।
কথোপকথনের একটি অডিও রেকর্ডিংয়ে হুমকিদাতাকে বলতে শোনা যায়, ‘‘আপনি মামলার বাদী হলেন কেন? আপনার নিজের মামলার বাদী কে হবে?’’ ফোনে ওই ব্যক্তি আরও দাবি করেন, তিনি আফসার উদ্দিনের বাসা চেনেন। তার দাবি না মানলে কেউ তাকে বাঁচাতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন।
আফসার উদ্দিন কলদাতার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি নিজের নাম বা পরিচয় জানাতে অস্বীকৃতি জানান। জবাবে আফসার উদ্দিন বলেন, তিনি কোম্পানির মালিক নন; কর্তৃপক্ষের নির্দেশেই মামলাটি করেছেন।
পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, অডিওটি পরীক্ষা করা হচ্ছে। কলটি কোথা থেকে করা হয়েছে, তা শনাক্ত করার পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। হুমকির ঘটনাটিও মামলার তদন্তের আওতায় আনা হবে।
এর আগে, গত ২১ অক্টোবর এজেআর কুরিয়ার সার্ভিসের কর্তৃপক্ষ হাজারীবাগ থানায় মামলা করে। মামলায় হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে।
হামলার সময় সশস্ত্র একটি দল কুরিয়ার সার্ভিসটির প্রধান গুদামে তাণ্ডব চালায়। এ সময় সিসিটিভি ক্যামেরা, নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম লুট করা হয়। ঘটনার সম্ভাব্য প্রমাণ সরিয়ে ফেলারও অভিযোগ উঠেছে।
এর আগে হাজারীবাগ থানার ওসি হামলার ঘটনায় শীর্ষ অপরাধী ইমনকে মূল পরিকল্পনাকারী হিসেবে সন্দেহ করার কথা জানিয়েছিলেন।