খুলনা নগরীতে চুরির অভিযোগে আজমল ওরফে আযম (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, নিহত আজমল নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
গতকাল শুক্রবার দিবাগত রাতে ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী’ পরিচয়ে ওই যুবককে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে প্রথমে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার কুতুবের ছেলে আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানজহান আলী হলের বিপরীত গলির আকিবের বাড়ির পঞ্চমতলার একটি মেসে থাকতেন।
নামপ্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন আজমলকে হাসপাতালে আনে। তারা দাবি করেন, চুরি করে পালানোর সময় লাফ দিয়ে গুরুতর আহত হন আজমল। দায়িত্বরত চিকিৎসক আজমলকে মৃত ঘোষণা করলে শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
আজমলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও ওই চিকিৎসক নিশ্চিত করেছেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েক যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করে। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
স্থানীয়রা ঘটনা সম্পর্কে পরিষ্কার তথ্য দিতে পারছে না দাবি করে ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক নর্দান বিশবিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনা তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।