লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যাওয়া দুটি শটগান ও একটি ওয়াকিটকি পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বার্তা সংস্থা বাসস জানায়, গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের কাছে দুটি শটগান ও একটি ওয়াকিটকি হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।
গতকাল মঙ্গলবার বিকেলে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় খেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান বিএসএফ সদস্যরা।
বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। পরে পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করলে অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেয় বিজিবি।