Advertisement

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
আগুনে পুড়ে গেছে নুসরাত তাবাসসুমের বাড়ি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে।

Advertisement

গতকাল বুধবার দিবাগত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।

Advertisement

বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের ফেসবুকে আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত লেখেন, ‘‘বাড়িতে পেট্রলবোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কন্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘ইনকিলাব জিন্দাবাদ।’’

নুসরাত তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন গণমাধ্যমকর্মীদের বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগল পুড়ে গেছে। তবে কীভাবে আগুন লেগেছে তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

নুসরাত তাবাসসুমের মা–বাবা পাশের একটি ভবনের তৃতীয় তলায় থাকেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি জানান, সেখানে আগুন লাগেনি। এ ঘটনায় সংসদ সদস্যের পরিবারের কেউ দগ্ধ হননি।

এদিকে, অজ বৃহস্পতিবার সকালে দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাত লিখেছেন, ‘‘আমার দাদার বানানো বাড়ি ঘর, আমাদের বড় হওয়া, এই পুড়ে খাক হওয়া ছাগলের বাচ্চাটার নাম ছিল তারা। আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল!’’

নুসরাত লিখেছেন, ‘‘যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারে নি৷ এসব করে কি আর করবে!’’

এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।