পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১২ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দুপুরে এই হামলার ঘটনা ঘটে।
দেশটিতে আন্তর্জাতিক পর্যায়ের অনুষ্ঠান চলাকালীন এমন হামলায় ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। ইসলামাবাদে ওই সময় ইন্টার–পার্লামেন্টারি স্পিকার্স কনফারেন্স এবং ৬ষ্ঠ মারগাল্লা ডায়ালগ অনুষ্ঠিত হচ্ছিল। একই সময় রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ক্রিকেট ম্যাচও চলছিল।
ঘটনার পরপরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, দুপুর ১২টা ৩৯ মিনিটে আদালতের সামনে এক হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করা হয় এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরাসরি চিকিৎসার তদারকি করছেন বলে জানান তিনি।
অন্যদিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)–এর মুখপাত্র ডা. মুবাশির দাহা জানান, নিহতের সংখ্যা ১২–তেই স্থির থাকলেও আহতের সংখ্যা বেড়ে ৩৬–এ দাঁড়িয়েছে।
দাহা আরও বলেন, “৩৬ জন আহতকে হাসপাতালে আনা হয়েছিল, এর মধ্যে ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছাড়পত্র দেওয়া হয়েছে, ১৪ জনকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে, তিনজন এখনো জরুরি বিভাগে এবং একজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।”
এ হামলার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তা বাহিনী আদালত এলাকা ঘিরে ফেলে বিস্ফোরণের স্থানটি সিলগালা করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি, তবে কর্তৃপক্ষ মনে করছে এটি একটি পরিকল্পিত সন্ত্রাসী তৎপরতার অংশ হতে পারে।
পাকিস্তানের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতারা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং কঠোর তদন্তের দাবি জানিয়েছেন।