ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
স্থানীয় সময় শনিবার এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। খবর রয়টার্সের।
কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, কিয়েভের পাশেই অবস্থিত বোরিসপিল জেলার তিনটি স্থানে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে বিমান হামলার সতর্কতা বাজানোর পরপরই মূল কিয়েভ শহরের ভেতরে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিস্ফোরণের পর কিয়েভের দুই জেলায় অগ্নিকাণ্ড ঘটে।
সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তীব্র ঘাটতি রয়েছে। বিশেষ করে রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা ইউক্রেনের হাতে না থাকায় নিয়মিত ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে।