খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিআইডি কর্মকর্তা মো. ফজলুর রহমান নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার খানজাহান আলী থানার গ্যারিসন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ফজলুর রহমান মেয়ের সঙ্গে দেখা করতে গতকাল দুপুরে খুলনায় যান এবং সন্ধ্যার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। গ্যারিসন মোড়ে ল্যাটেক্স কোম্পানির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায় বলেন, ফজলুর রহমান সিআইডিতে পিআরএল হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করা হচ্ছে। আশপাশের স্থানের সিসিটিভি ফুটেজ আছে কি না, তা সংগ্রহ করে বিশ্লেষণ করা হবে। তবে এটা দুর্ঘটনা বা ইচ্ছাকৃত ঘটনা কি না, তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।