Advertisement

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ইউএনবি

বিশ্বের বুকে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতেও সরকার কাজ করবে জানান তিনি।

Advertisement

আজ শনিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। খবর ইউএনবির।

তারেক রহমান বলেন, “বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির অনন্য ও অসাধারণ অহংকার। স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব একজীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারগুলোর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

Advertisement

প্রধানমন্ত্রী বলেছেন, “মুক্তিযোদ্ধাদের সম্মান করা রাষ্ট্রের দায়। আপনাদের সম্মানিত করে কিছুটা হলেও রাষ্ট্র তার দায় মোচনের চেষ্টা করছে। আপনাদের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমিও গর্বিত। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের গৌরব এবং সাফল্য সব সময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।”

তারেক রহমান বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।” তিনি আরও বলেন, “বিএনপি সরকারে থাকাকালীন সব সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে। বাংলাদেশকে বিশ্বের বুকে আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে বর্তমান সরকার বদ্ধ পরিকর।”

প্রধানমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত রাখতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। প্রমাণিত হয়েছে, এটি ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত। ২০০২ সালে প্রণয়ন করা হয়েছিল জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন।”

এ সময় বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য অনুযায়ী সহযোগিতার ধারা অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।