ব্যবসা ও রাজনীতিতে দুর্নীতি এবং সুশাসনের ঘাটতির খেসারত ন্যায্য মজুরি থেকে শ্রমিকদের বঞ্চিত করে তাদের ওপর চাপিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।
তিনি বলেন, “অর্থনীতি চাপের মুখে থাকলেও দুর্নীতি ও অব্যবস্থাপনার বোঝা শ্রমিকদের ওপর চাপানোর কোনো যুক্তি নেই।”
আজ সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ। আরও উপস্থিত ছিলেন সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান, গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খান প্রমুখ।
বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের শিল্প ও রপ্তানি খাত এখনো অতিমাত্রায় একটি খাতের ওপর নির্ভরশীল। দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ শতাংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অর্থনীতি বহুমুখী করার অঙ্গীকার করেছে। তাই তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীলতা কমানো প্রয়োজন।
অঞ্চল ও কারখানার আকারভেদে ভিন্ন মজুরি নির্ধারণের প্রস্তাব সম্পর্কে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ঢাকা ও গাজীপুরে বাড়িভাড়ার পার্থক্য রয়েছে। তাই এলাকাভিত্তিক ভাতা নিয়ে আলোচনা হতে পারে।
তবে অঞ্চলভেদে ভিন্ন মজুরি নির্ধারণ করা হলে শ্রমিকেরা এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যেতে পারেন বলে সতর্ক করেন তিনি।
একইভাবে বড় ও ছোট কারখানার জন্য আলাদা মজুরি নির্ধারণ করলে তা বাস্তবায়ন জটিল হয়ে পড়বে বলে তিনি জানান।
তিনি বলেন, “বড় কারখানার পরিবর্তে উদ্যোক্তারা একাধিক ছোট কারখানা স্থাপনে আগ্রহী হতে পারেন। এতে ব্যবস্থাপনাগত সমস্যা তৈরি হবে এবং অনিয়মের সুযোগ বাড়বে।…এসব সমস্যা সমাধানের উপায় হিসেবে শ্রমিকদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা গ্রহণযোগ্য হতে পারে না।”
দুর্বল সুশাসনের কথা যারা বলছেন, তাদের রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি এবং দুর্নীতিমুক্ত অর্থনীতির দাবিও জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, দেশের অর্থনীতি বর্তমানে চাপের মুখে থাকলেও এ পরিস্থিতি সম্পর্কে সরকারের স্বচ্ছতার ঘাটতি রয়েছে।
তিনি উল্লেখ করেন, সরকারি অর্থব্যবস্থা ও বাজেট ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন অনুযায়ী, প্রতি তিন মাসে অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সংসদকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে সরকারের।
তিনি বলেন, “অথচ বাজেট ঘোষণার পাঁচ মাস পেরিয়ে গেলেও অর্থমন্ত্রী এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। ফলে অর্থনীতি, বিনিয়োগ, বাণিজ্য এবং বাজেট বাস্তবায়নের প্রকৃত অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না।”
বিদেশি ক্রেতাদের ওপর দায় চাপানোর যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করে তিনি প্রশ্ন তোলেন, বাংলাদেশের দুর্বল অবকাঠামো, দুর্নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনার ব্যর্থতার খেসারত বিদেশি ক্রেতারা কেন দেবেন?
সিপিডি কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিং। ছবি: সংগৃহীত
মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কেবল শ্রমিক ও মালিকের মধ্যে দর-কষাকষির মধ্যে সীমাবদ্ধ নয়। “শেষ পর্যন্ত জবাবদিহির দায়িত্ব সরকারের ওপরই বর্তায়।”
তিনি বলেন, নির্বাচিত সরকারকে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে এবং অগ্রগতি সম্পর্কে নিয়মিত জনগণকে অবহিত করতে হবে।
মজুরি নিয়ে আলোচনার পাশাপাশি দেশের মোট কর্মশক্তির প্রায় ৮০ শতাংশের প্রতিনিধিত্বকারী অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের প্রতিও বেশি মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এসব শ্রমিকের মজুরি কে নির্ধারণ করবে, তাদের স্বার্থ কে দেখবে এবং কীভাবে তাদের অধিকার নিশ্চিত করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট ব্যবস্থা থাকতে হবে।
তিনি বলেন, “তারাও এ দেশের নাগরিক এবং নির্বাচনে ভোট দিয়েছেন।”