Advertisement

চুলা জ্বালাতেই দগ্ধ হলেন ৪ পোশাকশ্রমিক, দুজনের অবস্থা আশঙ্কাজনক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

চুলা জ্বালাতেই দগ্ধ হলেন ৪ পোশাকশ্রমিক, দুজনের অবস্থা আশঙ্কাজনক
ছবি: চরচা

নারায়ণগঞ্জের ফতুল্লায় চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসের আগুনে নারীসহ চার গার্মেন্টসকর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে দুজনের শরীরের অধিকাংশ পুড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

Advertisement

আজ শনিবার ভোর ৪টার দিকে ফতুল্লা থানার সরদারবাড়ি মসজিদ এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে দগ্ধ চারজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

Advertisement

দগ্ধরা হলেন শাহীন আলম (৩০), সাহেদ আলী (২৫), মো. হোসেন (২৪) ও লীমা বেগম (২৬)। তারা সবাই পোশাকশ্রমিক হিসেবে কর্মরত।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক হারুনুর রশিদ জানান, দগ্ধ চারজনের মধ্যে শাহীন আলমের শরীরের ৬৭ শতাংশ, লীমা বেগমের ৪৫ শতাংশ, মো. হোসেনের ১২ শতাংশ এবং সাহেদ আলীর ৩ শতাংশ পুড়ে গেছে।

হারুনুর রশিদ আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় শাহীন ও লীমাকে বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। অন্য দুজনের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো থাকায় তাদের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মিজান জানান, শনিবার ভোর ৪টার দিকে রান্নাঘরে চুলা জ্বালানোর সময় হঠাৎ আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সকালে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

মিজান আরও জানান, তাদের ধারণা, গ্যাস লাইনের লিকেজ থেকে রান্নাঘরে গ্যাস জমে ছিল। চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে সেই গ্যাসে আগুন ধরে যায়।