Advertisement

নরসিংদীতে দুই পক্ষের গোলাগুলিতে স্কুলছাত্র নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

নরসিংদীতে দুই পক্ষের গোলাগুলিতে স্কুলছাত্র নিহত

নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের গুলিতে অনিক মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

Advertisement

আজ মঙ্গলবার ভোরে রায়পুরা থানার দড়িগাঁও ও হরিপুর বাজার এলাকায় এই পৃথক হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন–রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭)। তারা দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৭ বছর বয়সী নিহত অনিক মিয়া রায়পুরা থানার নীলিক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

Advertisement

নিহতের বাবা জানান, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অনিক রায়পুরার দড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে স্থানীয় হান্নান, জবা মেম্বার ও আবেদ আলীসহ কয়েকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা অনিকের মাথার পেছনে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমান মিয়া আরও জানান, হরিপুর বাজারে এই সহিংসতার সূত্র ধরে আজ ভোরের দিকে আরও একটি হামলার ঘটনা ঘটে। এতে আরও দুজন গুলিবিদ্ধ হন। বাজারে অবস্থানকালে কে বা কারা আচমকা গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাদের উদ্ধার করে আজ সকালের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।