Advertisement

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিপর্যয়
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) অত্যন্ত গোপন যোগাযোগ নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কর্মীদের নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্কটি অচল হয়ে পড়েছে। এনএসএনেট নামের ওই নেটওয়ার্কে সমস্যা দেখা দেওয়ায় কর্মীদের কার্যালয়ে আসার সময়ও পরিবর্তন করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সাইবার হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Advertisement

ছয়টি সূত্রের বরাতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

এনএসএনেটের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় তথ্য আদান-প্রদান করেন। নেটওয়ার্কটিতে সমস্যা দেখা দেওয়ার পর এর কারণ ও প্রভাব খতিয়ে দেখতে কাজ শুরু করে এনএসএ।

সিএনএন জানিয়েছে, নেটওয়ার্কটি সচল করার কাজ চলমান থাকায় মঙ্গলবার রাতে এনএসএর কার্যালয়ে বেশির ভাগ কর্মীর প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। শুধু জরুরি দায়িত্বে থাকা কর্মীদের কাজ করার অনুমতি দেওয়া হয়। তবে এর মাত্র কয়েক ঘণ্টা আগেই কর্মীদের স্বাভাবিক নিয়মে কাজে ফেরার অনুমতি দিয়েছিল এনএসএ। কিন্তু পরে আবার কর্মীদের উপস্থিতি সীমিত করার সিদ্ধান্ত নেয় সংস্থাটি।

Advertisement

কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এর আগে নেটওয়ার্কের সমস্যা সমাধানের জন্য দিনের শুরুতে কর্মীদের ভিন্ন ভিন্ন সময়ে অফিসে আসতে বলা হয়েছিল।

মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এনএসএ জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় সংস্থাটির কিছু ব্যবস্থায় সাময়িক সমস্যা দেখা দিয়েছিল। এতে সংস্থার ভেতরে কিছু জটিলতা দেখা দিলেও জাতীয় নিরাপত্তার জন্য জরুরি কার্যক্রম পুরোপুরি সচল রয়েছে।

সংস্থাটির পরিচালক জে ক্লেটন জানিয়েছেন, সফটওয়্যারের বড় ধরনের কিছু নিরাপত্তা ত্রুটি সারাতে হালনাগাদ সংস্করণ যুক্ত করার সময় এ সমস্যা দেখা দেয়। গত মাসে এসব ত্রুটি শনাক্ত হয়েছিল। সেগুলো ঠিক করতে সফটওয়্যার প্যাচ প্রয়োগের পর কিছু ব্যবস্থা প্রত্যাশা অনুযায়ী চালু হয়নি।

ক্লেটনের উল্লেখ করা নিরাপত্তা ত্রুটিগুলো পিএইচপি প্রোগ্রামিং ভাষার সঙ্গে সম্পর্কিত। বিশ্বের প্রায় ৭০ শতাংশ ওয়েবসাইটে এই ভাষা ব্যবহার করা হয়। এসব ত্রুটির সুযোগ নিয়ে হ্যাকাররা ওয়েবসাইটে প্রবেশ করতে পারে। এমনকি, পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্যও হাতিয়ে নিতে পারে তারা।

তবে ক্লেটন জানিয়েছেন, এনএসএর নেটওয়ার্কসহ সাম্প্রতিক প্রযুক্তিগত বিপর্যয়গুলোর পেছনে সাইবার হামলার কোনো লক্ষণ পাওয়া যায়নি।