ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে পরপর কয়েকটি বোমা আতঙ্ক এবং সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনার পর পুলিশ সদস্যদের উদ্দেশ্যে জারি করা সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতা কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বার্তা সংস্থা ইউএনবির এক খবর অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছে, এটি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যেই প্রেরিত একটি নিয়মিত বার্তা।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জননিরাপত্তার পাশাপাশি পুলিশ সদস্য এবং পুলিশি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।
শফিকুল ইসলাম জানান, সাম্প্রতিক কয়েকটি বোমা-সংক্রান্ত ঘটনা এবং গুজব ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এই তাগিদপত্রটি জারি করা হয়েছে।
অতিরিক্ত কমিশনার বলেন, “আমরা সবসময়ই সতর্ক থাকি। সম্প্রতি কিছু বোমাতঙ্ক ও গুঞ্জন ছড়ানোর ঘটনা ঘটেছে। এসব বিষয়ে আমরা সক্রিয় আছি। পুলিশের যানবাহন, স্থাপনা ও সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সময় সময় এই ধরনের নির্দেশনা জারি করা হয়।”
এই নির্দেশনাকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করে ডিবি প্রধান জানান, পুলিশের সব গাড়ি ও স্থাপনা যাতে নিরাপদ থাকে, সে জন্য পুলিশ সদস্যদের আরও বেশি সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশকে লক্ষ্য করে সম্ভাব্য কোনো হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে কি না জানতে চাইলে শফিকুল ইসলাম নেতিবাচক উত্তর দেন। তিনি বলেন, “নির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য নেই। তবে আমরা সবসময় সতর্ক থাকি। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করছেন এবং মাঠে দায়িত্বরত সদস্যদের আরও বেশি সতর্কতা অবলম্বনের তাগিদ দেওয়া হয়েছে।”
এর আগে গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের অপারেশনস কন্ট্রোল রুম থেকে মাঠ পর্যায়ের সকল ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়ে একটি জরুরি বার্তা পাঠানো হয়।
গত এক সপ্তাহে রাজধানীতে বেশ কয়েকটি বোমা আতঙ্কের খবর পাওয়া গেছে।