Advertisement

সিলেটে এম এ খানের নামে হবে বিজ্ঞান জাদুঘর, নামকরণ হবে সড়ক-স্থাপনার

সিলেটে এম এ খানের নামে হবে বিজ্ঞান জাদুঘর, নামকরণ হবে সড়ক-স্থাপনার
ছবি: সংগৃহীত

ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল চত্বরের নাম সাবেক মন্ত্রী ও নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী (এমএ) খানের নামে রাখা হবে। পাশাপাশি তার নামে একটি বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠাসহ সিলেটে আরও কয়েকটি স্থাপনা ও সড়কের নামকরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

Advertisement

গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় এমএ খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, “রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান একজন খ্যাতিমান ব্যক্তি। তা সত্ত্বেও রাজনৈতিক কারণে তিনি উপেক্ষিত ছিলেন। তার স্মৃতিকে ধরে রাখতে ইতিপূর্বে সিলেটে তেমন কিছুই করা হয়নি।”

মীর শাহে আলম জানান, এমএ খানের নামে সিলেট নগরে একটি বিজ্ঞান জাদুঘর প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের চণ্ডীপুল চত্বরের সৌন্দর্যবর্ধনের পর সেটির নামও তার নামে রাখা হবে। একই সঙ্গে তার স্মৃতি ধরে রাখতে সিলেটের আরও কয়েকটি স্থাপনা ও সড়কের নামকরণের পরিকল্পনা রয়েছে।

Advertisement

এর আগে প্রতিমন্ত্রী সিলেটের সিলাম এলাকায় এমএ খানের বসতবাড়ি পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিলেট বিভাগের উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ২ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তুতি নিয়েছে সরকার। এ বরাদ্দ অনুমোদন পেলে আগামী এক বছরের মধ্যে সিলেটের রাস্তাঘাট ও হাটবাজারে দৃশ্যমান উন্নয়ন হবে।

অনুষ্ঠানে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এমএ খানের জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান। এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর। প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান তার কনিষ্ঠ মেয়ে। তিনি জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী ছিলেন।

সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা এমএ খানের নামে সিলেটের লামাকাজীতে একটি সেতু রয়েছে। এ ছাড়া সম্প্রতি দক্ষিণ সুরমার চণ্ডীপুলে আব্দুস সামাদ আজাদ চত্বরের নাম পরিবর্তন করে স্থানীয় কিছু লোক ‘এমএ খান চত্বর’ নামকরণ করে।