Advertisement

খুলনায় চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি

খুলনায় চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি
খুলনার পালংকি রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা। ছবি: চরচা

চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের মধ্যেই খুলনা নগরীতে দাবি করা চাঁদা না পেয়ে একটি রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা।

Advertisement

আজ মঙ্গলবার বিকেল সোয়া চারটার দিকে সোনাডাঙ্গা থানার কাছে পালংকি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে খুলনার শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘বি কোম্পানি’র প্রধানের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের মালিক আশিকুর রহমানের কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। মালিকপক্ষ চাঁদা দিতে অপারগতা জানালে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট বন্ধ করে দিতে বলে। ওই রাতেই মালিকপক্ষ রেস্টুরেন্ট বন্ধ করে বাড়িতে চলে যায়।

মঙ্গলবার সকালে নগরীর সোনাডাঙ্গা থানার পুলিশ মালিকের কাছ থেকে চাবি নিয়ে রেস্টুরেন্ট খুলে দেয় এবং কর্মচারীদের ফোন করে কর্মস্থলে আসার অনুরোধ করে। বিকেলে সন্ত্রাসীরা রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সেখানে থাকা কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম চরচাকে বলেন, “গুলির ঘটনা শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।”

এর আগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডে চয়নিকা ফার্মেসি এবং রূপসা স্ট্যান্ড রোডে মল্লিক ফার্মেসির মালিকের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ভয়ে ফার্মেসির মালিকপক্ষ তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। ১৪ দিন পর পুলিশ পাহারায় চয়নিকা ফার্মেসি ও মল্লিক ফার্মেসি খোলে কর্তৃপক্ষ।

এ ছাড়া বড় অঙ্কের চাঁদার দাবিতে খুলনা সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দুটি শাখায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এর কয়েক দিন পর নগরীর খানজাহান আলী রোডের অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও খুলনা চাইনিজ প্যালেস রেস্টুরেন্টে হামলা চালায় সন্ত্রাসীরা।