ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে আইসিইউর মেডিকেল অফিসার চিকিৎসক হাসান আল বান্না এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘের চিকিৎসার জন্য এরইমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসান আল বান্না বলেন, ‘‘মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’’
শারীরিক অবস্থা স্থিতিশীল না জানিয়ে এই চিকিৎসক বলেন, ‘‘বুধবার গভীর রাত পর্যন্ত মেঘকে সর্বোচ্চ লেভেলে অক্সিজেন দেওয়া হয়েছে। আজ সকালে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় অক্সিজেন লেভেল কিছুটা কমিয়ে দেওয়া হয়। তবে তার শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে অর্থাৎ এই উন্নতি হচ্ছে, আবার অবনতির দিকে যাচ্ছে।’’
মেডিকেল বোর্ড সভা করে মেঘের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে উল্লেখ করে হাসান আল বান্না বলেন, ‘‘বর্তমানে আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করেছি এবং আমাদের মিটিং চলছে। মিটিংয়ের পর আমরা মেঘের চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’’
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বিষক্রিয়ার আশঙ্কায় সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ওয়াশ করেন। সেখানেই চিকিৎসাধীন ছিলেন মেঘ। পরে অবস্থার অবনতি হলে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।