যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় ৫ ঘণ্টা বিলম্বের পর জাপানের নারিতা থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি যাত্রা শুরু করে। খবর ইউএনবির।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটি সমাধান করার পর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছাড়ে।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর টোকিও ছাড়ার কথা কথা ছিল। রানওয়ের দিকে এগিয়েও যায়। উড্ডয়নের ঠিক আগেই এটি থেমে যায় এবং প্রায় ১৫ মিনিট পর ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম ঘোষণা করেন, যান্ত্রিক সমস্যার কারণে ফ্লাইটটি আর এগোতে পারছে না।
প্রধানমন্ত্রী, তার স্ত্রী ড. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা ওই ফ্লাইটে ছিলেন।
পরে উড়োজাহাজটিকে টারমাকে ফিরিয়ে আনা হয় এবং প্রকৌশলীরা সমস্যাটি সমাধানে কাজ করার সময় সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
টোকিও বিমানবন্দরে স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে তিনি বলেন, “বিলম্বটি একটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছিল, যা পুরোপুরি ঠিক করা হয়েছে।”
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে ২৬ অক্টোবর জাপান পৌঁছান তারেক রহমান।
সফরকালে তিনি টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকাচির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী জাপানের বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন।
তারেক রহমান জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সাথেও মতবিনিময় করেন।
সফরকালে বাংলাদেশ ও জাপান উপকূলীয় নিরাপত্তা, অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগের পরিবেশ, কৃষি, দক্ষতা উন্নয়ন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ছয়টি সহযোগিতা স্মারক স্বাক্ষর করে।
বাংলাদেশের উন্নয়নকে সমর্থন করতে দুই দেশ মোট ২৯৫ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের দুটি ঋণ প্রকল্পের চুক্তি করে।