পাকিস্তানের রাওয়ালপিন্ডি বিভাগের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় রাওয়ালপিন্ডি ও মুরিতে ৩০ দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। খবর পাকিস্তানের বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান (এপিপি)।
প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিল, বিক্ষোভ এবং পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। এ ছাড়া অস্ত্র প্রদর্শন, উসকানিমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য, অনুমতি ছাড়া ড্রোন ওড়ানো এবং পুলিশের চলাচলে বাধা দেওয়াও নিষিদ্ধ করা হয়েছে। আদেশ কঠোরভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাওয়ালপিন্ডির ডেপুটি কমিশনার (অব.) ক্যাপ্টেন নাদিম নাসির।
অন্যদিকে, মুরির ডেপুটি কমিশনার আগা জহির আব্বাস শেরাজি ১০ অক্টোবর থেকে ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত জেলার পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন।
জেলা গোয়েন্দা কমিটির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্পর্শকাতর স্থাপনা ঘিরে নিরাপত্তাঝুঁকির কথা জানানো হয়। এরপর জননিরাপত্তা নিশ্চিত করতে মুরি প্রশাসন জনসমাবেশ, মিছিল, মোটরসাইকেলে চালকের পেছনে আরোহী বহন, অস্ত্র প্রদর্শন ও ড্রোন ব্যবহার নিষিদ্ধ করে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চের মধ্যেই রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করা হলো।