দিল্লিতে চলমান আন্দোলন থেকে আটক ইউটিউবার ধ্রুব রাঠির পর এবার মুক্তি পেলেন সিজেপির তিন নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।
স্থানীয় সময় আজ রোববার তাদের ছেড়ে দিয়েছেন স্থানীয় আদালত। এক বছর ধরে শান্তি বিঘ্নিত হতে পারে, এমন কোনো কাজ না করার শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ।
গতকাল শনিবার দিল্লিতে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়েছিল।
ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পরিকল্পিত বিক্ষোভের দ্বিতীয় দিনে তাদের আটক করা হয়েছিল।
গতকাল যন্তর মন্তরে বিক্ষোভকারীদের জমায়েত ঠেকাতে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেয় পুলিশ। ফলে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে ভাগ হয়ে জমায়েত হয়।
ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় সিজেপি। নিরাপত্তাঝুঁকি এবং পর্যাপ্ত সময় না দিয়ে আবেদনের অজুহাত দেখিয়ে দিল্লি পুলিশ এই আন্দোলনের অনুমোদন দেয়নি।