প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানী দিল্লির রাজপথে নেমেছে বিরোধী ইন্ডিয়া জোট।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার ভারতীয় পার্লামেন্ট ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিরোধীরা।
কিন্তু কমিশন ভবনের কাছে পৌঁছতেই পুলিশি বাধায় থমকে যায় মিছিল। শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেডের ওপর উঠে পড়েন রাহুল গান্ধী। হাতে পতাকা তুলে স্লোগান দেন তিনি।
হিন্দুস্তান টাইমস জানায়, সকাল থেকেই সংসদ চত্বর এবং নির্বাচন কমিশনের দপ্তর ঘিরে কড়া নিরাপত্তা ছিল। ব্যারিকেড বসিয়ে তৈরি করা হয়েছিল একাধিক স্তরের নিরাপত্তা বলয়। বিরোধী সাংসদরা ‘সেভ ডেমোক্র্যাসি’, ‘ভোট চোর, গদি ছোড়’-এর মতো স্লোগান দিতে দিতে এগোতে থাকেন। পুলিশ মিছিল আটকে দিলে নীতি আয়োগের কাছে রাস্তায় বসে ধরনায় শুরু করেন তারা।
ঘটনার নাটকীয় মোড় আসে রাহুল ও প্রিয়ঙ্কাকে আটকের পর। পুলিশ তাদের বাসে তোলার চেষ্টা করে। কিন্তু পরে তারা আকাশবাণী ভবনের দিকে চলে যান। নির্বাচন কমিশনের কার্যালয় থেকে আকাশবাণী ভবনের দূরত্ব প্রায় ১০০ মিটার। সেই পথ দিয়েই কমিশন ভবনের কাছে পৌঁছানোর চেষ্টা চলছিল বলে খবর। বাইরে তখনও বিপুল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।
এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআরকে ঘিরে বিরোধীদের অভিযোগ। বিরোধীদের দাবি, এসআইআর এবং ভোটার তালিকা সংক্রান্ত কিছু পরিবর্তনের ফলে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই সূত্রেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তার ইস্তফা দাবি করছে ভারতের বিরোধী দল। গত কয়েক দিন ধরেই দিল্লি ও দেশের অন্যত্র এই দাবিতে প্রতিবাদ চলছে।