দেশে জ্বালানি তেল সরবরাহে আগামী ডিসেম্বর পর্যন্ত কোন সংকট হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামে বিপিসির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
বিপিসি চেয়ারম্যান বলেন, “সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই সময়ের পরিস্থিতি আপনারা জানেন। শুরুতে স্বল্পকালীন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করব। বিশেষ করে তেল প্রকিউরমেন্ট যাতে বিঘ্নিত না হয়। দীর্ঘ মেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাব।”
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতি স্থানীয়ভাবে আমাদের কারো হাতে নেই। এটি মূলত একটি বৈশ্বিক সমস্যা। এ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই বিপিসির অগ্রাধিকার। আমরা নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চাই। বিপিসির সক্ষমতা দিয়ে চেষ্টা করছি। ডিসেম্বর পর্যন্ত কোন সংকট নেই।”
রফিকুল ইসলাম বলেন, “অর্থ মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করছি। এর পরবর্তী সময়ের জন্য উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক দামে জ্বালানি তেল সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে।”
বিকল্প উৎস থেকে ক্রুড অয়েল আমদানির বিষয়ে তিনি বলেন, “সবগুলো সম্ভাবনা নিয়ে কাজ করছি। আরও করব। স্বল্প মেয়াদে সরবরাহে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সেটিই এখন বিপিসির প্রধান লক্ষ্য। পাশাপাশি মধ্য ও দীর্ঘ মেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বিপিসি চেয়ারম্যান বলেন, “ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-২ প্রকল্পের পরিচালকের দপ্তর প্রস্তুত করা হয়েছে। মূল প্রকল্পের কাজ শুরুর আগেই যেসব কাজ করা সম্ভব, সেগুলো চিহ্নিত করে এগিয়ে নেওয়া হচ্ছে।”