ব্যাংকিং খাতে চলমান সংকট বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে পারে। এমনকি ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। স্বাধীনতার পর ধীরে ধীরে বিশ্বের কাছে উন্নয়নের সুপারস্টার হয়ে ওঠা বাংলাদেশের চলমান সংকট নিয়ে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে।
দ্য ইকোনমিস্ট বলছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ দেউলিয়া হওয়ার ঝুঁকিতে আছে। এখন ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ খেলাপি। ভারতে এই হার ১ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ৫ শতাংশ। ফলে পুরো খাতই কার্যত দেউলিয়া। ব্যাংকের আর্থিক সক্ষমতা মাপার একটি সূচক হলো ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত। বাংলাদেশে এই অনুপাত ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশ।
এই পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলকে দায়ী করে সংবাদমাধ্যমটি বলেছে, ক্ষমতাচ্যুত হওয়ার আগে হাসিনা ১৫ বছর ক্ষমতায় ছিলেন। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ জমেছে। এসব ঋণের অনেকগুলোই আর ফেরত পাওয়া যাবে না। কারণ যারা ব্যাংক চালাতেন, তারাই ব্যাংক থেকে ঋণও নিয়েছেন, এমন ধনকুবেরদের কেউ কারাগারে, কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।
এ বছরের ফেব্রুয়ারি ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন ব্যাংকিং খাতের সংকট এবং পোশাকশিল্পে ধর্মঘট-দুই দিক থেকেই অর্থনৈতিক চাপের মুখে রযেছে। পোশাকশিল্প বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সফল রপ্তানি খাত। দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতেও সরকারকে বেগ পেতে হচ্ছে।
২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, বাংলাদেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক মান অনুসরণ করে ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে গণ্য করা শুরু হয়। ফলে বর্তমানে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।
দ্য ইকোনমিস্ট বলছে, ব্যাংকিং সংকট বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে পারে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ২০২৫ সালের প্রায় ১০ শতাংশ থেকে কমে এ বছর ৪ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে। ৩৩ বছরের মধ্যে এটি সর্বনিম্ন। এ বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগে সাধারণত প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে অন্তর্বর্তী সরকার বলেছিল, আগের এই প্রবৃদ্ধির হিসাব বেশি দেখানো হয়েছিল।
আর্থিক সংকটই প্রবৃদ্ধি কমার একমাত্র কারণ নয়। ইরান যুদ্ধের শুরুর দিকের মাসগুলোতে জ্বালানির ঘাটতিতে কারখানা বন্ধ হয়েছিল। এখন ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দারিদ্র্যের হার বাড়বে। এতে কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে ধারা ছিল, তা উল্টে যেতে পারে।
বিদেশ থেকে বড় ধরনের সহায়তা না এলে সমস্যায় থাকা ব্যাংকগুলোতে নতুন করে মূলধন জোগানোর মতো অর্থ সরকারের হাতে কম। কর ফাঁকির ব্যাপকতার কারণে সরকারের রাজস্ব আয় কম। জিডিপির মাত্র ৭ শতাংশ রাজস্ব হিসেবে আদায় করে সরকার। দক্ষিণ এশিয়ার তুলনায়ও এটি খুব কম। উদাহরণ হিসেবে, পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব আদায় করে।
খাদ্য ও জ্বালানিতে ভর্তুকি দেওয়ার কারণে সরকারের বাজেট ঘাটতিও জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। ফলে সরকারি ব্যয় মেটাতে সরকার ব্যাংকের ওপর, বিশেষ করে বেসরকারি ও তুলনামূলক ভালো মূলধন থাকা ব্যাংকের ওপর নির্ভর করছে। এতে এবং কেন্দ্রীয় ব্যাংকের জরুরি তারল্য সহায়তায় বাজারে অর্থের সরবরাহ বাড়ছে। ফলে মূল্যস্ফীতিও বাড়ছে।