রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারীতে এক আমেরিকার প্রবাসী বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে টিকাটুলি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ওমর ফারুককে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেন। মিলন নামে ওই সিএনজি চালক তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জরুরি বিভাগের আনসার সদস্য, পুলিশ ও কর্মচারীরা জানিয়েছেন, মিলন নামের এক অটোরিকশাচালক সকালে আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসকদের জানান, তিনি ওয়ারী টিকাটুলি মোড়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

তবে হাসপাতালে এনে আহত ব্যক্তিকে নামিয়ে রেখেই কৌশলে পালিয়ে যান ওই চালক। এমনকি অটোরিকশাটিও ফেলে রেখে যান তিনি।

এ সময় ওমর ফারুকcv কাছে নগদ ৩৪ হাজার ৪৮০ টাকা এবং একটি স্বর্ণের চেইন পাওয়া যায় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।

পরে খবর পেয়ে হাসপাতালে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন তার বড় বোন শিরিন আক্তার। তিনি জানান, ওমর ফারুক আমেরিকার স্থায়ী নাগরিক। তাদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়।

পরিবারের সদস্যরা জানান, গত ২৮ জানুয়ারি ওমর ফারুক বাংলাদেশে আসেন। চলতি মাসের ২০ তারিখ সকালে তার আমেরিকা ফেরার ফ্লাইট ছিল। দেশে এসে তিনি টিকাটুলির একটি হোটেলে অবস্থান করছিলেন এবং সেখান থেকে পশ্চিম ধোলাইপাড়ায় বড় বোনের বাসায় যাতায়াত করতেন। শুক্রবার সকালে ফোনে তারা তার মৃত্যুর খবর পান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি ওয়ারী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত