ছাত্রলীগের কাউকে গ্রেপ্তার করলে ‘পরিবার শেষ করে’ দেওয়ার হুমকি পেয়েছেন চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গত বুধবার রাতে হোয়াটসঅ্যাপে এ হুমকি পান আব্দুল হালিম।
হুমকি দিয়ে মেসেজ লেখা হয়, “আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।”
ওসিকে দেওয়া হুমকিতে আরও বলা হয়, “ কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।”
আরেক বার্তায় লেখা হয়, “পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব। আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে। তুই যদি তোর চিন্তা করিস, জীবনের চিন্তা করিস, তাহলে অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত থাকিস। না হলে রক্ষা নাই। এটাই শেষ কথা। কাফনের কাপড় রেডি রাখিস, না হলে রাস্তায় পড়ে থাকবি।”
ওসি আবদুল হালিম চরচাকে বলেন, “বুধবার রাতে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে কয়েকটি বার্তা পাঠানো হয়। ঘটনাটি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।”
ওসি আরও বলেন, “নম্বরটি শনাক্ত করতে পুলিশি প্রক্রিয়া অনুযায়ী একটি অভ্যন্তরীণ নোট (জিডি) করে রেখেছি। এটা নিরাপত্তাসংক্রান্ত কোনো জিডি না।”