কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম যে বক্তব্য দিয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। তবে বিষয়টিকে বিকৃতভাবে উপস্থাপন ও অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করেছে তার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার ভোলার এক দলীয় কর্মসূচিতে চরমোনাই পীর আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, “আমি আওয়ামী লীগকে উদ্দেশ করে বলব, আপনারা এই দেশের সন্তান। আপনারা যে আচরণ আওয়ামী লীগের নামে করছেন…ভাঙচুর, জ্বালাও-পোড়াও, মানুষ মারা, দেশের সম্পদ নষ্ট করা, থানা পুড়িয়ে দেওয়া…এ কোন রাজনীতি? আপনারা রাজনীতি করেন দেশের কল্যাণের জন্য। কিন্তু আপনাদের আচরণের মধ্যে তো মানুষের কল্যাণের রাজনীতি বোঝা যাচ্ছে না।”
সব দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা (আওয়ামী লীগ) কী চান? আসেন, বসেন। আসেন আমরা সবাই…বিএনপি, আওয়ামী লীগ, যত রাজনৈতিক দল আছে…আমরা এ দেশে জন্মগ্রহন করেছি। এ দেশের মায়া ঈমানের অংশ। আমরা চাই দেশটা একটা সুন্দর দেশ হবে।”
তবে রেজাউল করিমের বক্তব্যকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর শিরোনাম, ফটোকার্ড ও ব্যাখ্যা প্রচার করা হচ্ছে বলে তার দল থেকে দাবি করা হয়। এক বিবৃতিতে ওই বক্তব্যের খণ্ডিত ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সংবাদ মাধ্যমে দলটির কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহর পাঠানো বিবৃতিতে বলা হয়, দলের আমির আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশ ও জনগণের যে অপূরণীয় ক্ষতি হচ্ছে, তা বন্ধ করার বিষয়ে তিনি সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেছেন। একই সঙ্গে দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন।
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, তাদের আমির মূলত বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে যদি দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে দেশের স্বার্থে সংকটের সমাধান করতে হবে।
কিন্তু দলের আমিরের বক্তব্য যেভাবে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে, সে ব্যাপারে আপত্তি জানিয়ে বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, দলের আমিরের বক্তব্যের একটি অংশকে বিচ্ছিন্নভাবে উপস্থাপন করে এমন ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, তিনি আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কিংবা দলটির কর্মকাণ্ডকে বৈধতা দিয়েছেন। এটি তার বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বিবৃতিতে বলা হয়, দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।