ads

ইরানে আবার যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুমকি তেহরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ইরানে আবার যুক্তরাষ্ট্রের হামলা, প্রতিশোধের হুমকি তেহরানের
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা। ছবি: এআই দিয়ে তৈরি

যুদ্ধবিরতির মধ্যে আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার অভিযোগ তুলে পাল্টা হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। ওয়াশিংটনের এই হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে তেহরান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হামলায় নির্ভুল অস্ত্র ব্যবহার করে ইরানের ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে।

সেন্টকমের দাবি, হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র, উপকূলীয় রাডার এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা লক্ষ্য করে আঘাত করা হয়েছে।

এ ছাড়া হরমুজ প্রণালির আশপাশে থাকা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৬০টির বেশি ছোট নৌযানেও হামলা চালানো হয়েছে।

এক্স পোস্টে সেন্টকম আরও বলেছে, হরমুজ প্রণালিতে চলাচলকারী তিনটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের হামলার জবাবে মার্কিন হামলা চালানো হয়েছে। ইরানের এ আগ্রাসন ছিল ‘অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন’। তবে এমন কোনো হামলার দাবি অস্বীকার করেছে তেহরান।

এদিকে ইরানের সেনাবাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার জানাজা চলার সময় এই হামলা চালানো হয়েছে। একে ‘স্পষ্ট আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে তারা।

এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে তারা কঠোর পাল্টা পদক্ষেপ নেবে।

বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় কোনো বিদেশি হস্তক্ষেপ ইরান মেনে নেবে না। এই প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাংকার নিরাপদে চলাচলের একমাত্র পথ হলো ইরান নির্ধারিত পথ।

সম্পর্কিত