Advertisement

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন তৌফিক ইমরোজ খালিদী। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডিজিটাল সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে রাজধানীর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়েছে।

Advertisement

আজ শনিবার বিকেল ৫টার দিকে তার মরদেহ কবরে শায়িত করা হয়।

Advertisement

আজ বিকেল সাড়ে ৩টার দিকে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর জানাজা হয়।

দুপুর আড়াইটায় সেখানে তার মরদেহ নেওয়া হয়। শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় জানায় প্রয়াতের বন্ধু, স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিরা।

ব্যক্তিগত সফরে লন্ডনে থাকা তৌফিক ইমরোজ খালিদী গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তার মস্তিষ্কের রক্তক্ষরণ হয়েছে। পর দিন স্থানীয় সময় দুপুর আড়ইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে খালিদীর জানাজা হয়।

আজ শনিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। এরপর কফিন নেওয়া হয় বিডিনিউজের অফিস প্রাঙ্গণে। পরে মরদেহ নেওয়া হয় তার বাসায়। সেখানে পরিবারের সদস্য ও স্বজনরা শেষবার তাকে দেখেন।