Advertisement

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত, আটক ৪
প্রতীকী ছবি: চরচা গ্রাফিক্স

রাজশাহীতে আদালত চত্বরে ইয়ামিন আলী নামের এক আইনজীবীকে তার প্রতিপক্ষরা পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ এসেছে। ঘটনার পর আইনজীবীরা অভিযুক্ত চারজনকে আটকে রাখেন। পরে তাদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

Advertisement

আইনজীবী ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। তিনি নিজে জমিসংক্রান্ত বিরোধের একটি মামলার বাদী। আজ আদালতে এ মামলার দিন ধার্য ছিল। মামলার আসামিপক্ষই ইয়ামিন আলীর ওপর হামলা করেছেন বলে অভিযোগ করেছেন জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম ও রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী।

আটক ব্যক্তিরা হলেন- মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম বলেন, “মামলা করার কারণে এর আগে একবার অভিযুক্তরা আদালত চত্বরে আইনজীবী ইয়ামিন আলীকে মারধর করেছিলেন। তখন এ ব্যাপারে মামলা করা হয়েছিল। কিন্তু পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছিল। ওই ঘটনার কোনো বিচার হয়নি। তখন বিচার হলে আজ আবার নতুন করে হামলার ঘটনা ঘটত না।”

Advertisement

রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী বলেন, “আদালতের কার্যক্রম শেষে আইনজীবী ইয়ামিন আলী রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) অফিসের সামনে ক্যান্টিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষের লোকেরা ইয়ামিন আলীর ওপর হামলা করেন। এতে তিনি রক্তাক্ত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অভিযুক্ত ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হয়েছে।”

নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, “আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করার কথা রয়েছে। মামলা দায়ের করা হলে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হবে।”