সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ভবনে হামলার চেষ্টা চালানো হয়েছে। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর, আল জাজিরা।
আজ রোববার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা জানায়, রিয়াদে আরামকোর প্রশাসনিক ভবনটি হামলার সময় ছড়িয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী জানান, রিয়াদের কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত আরামকো টাওয়ারের কয়েকটি তলার জানালার কাঁচ ভেঙে গেছে। এটি রাজধানীর অন্যতম উঁচু ভবন এটি।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় সীমিত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি আরামকো। হুথিদের পক্ষ থেকেও কোনো বিবৃতি পাওয়া যায়নি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ইরান-সমর্থিত এই সশস্ত্র গোষ্ঠী সৌদি আরবকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছিল।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক পোস্টে জানান, দুটি ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে এবং আরেকটি সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া হয়েছিল।
এছাড়া, দেশটির দক্ষিণাঞ্চলে আরও দুটি ক্ষেপণাস্ত্র এবং হুতিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।
ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা গত জুলাইয়ে দেশটির যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে সৌদি আরবে হামলা জোরদার করেছে।