Advertisement

কাঁঠালবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কাঁঠালবাগানে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত
প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় মেয়ে ও তার মাকে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের জামাইয়ের বিরুদ্ধে। আজ রোববার সকাল ৯টার দিকে আল-আমিন মসজিদের পাশের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার বাসায় এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২০) ও তার মা ফিরোজা বেগম (৩৫)। এই ঘটনায় অভিযুক্ত রাত্রির স্বামী শিপনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে বাসায় রাত্রির সঙ্গে শিপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত্রির মা ফিরোজা বেগমও মেয়ের পক্ষ নেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিপন ধারাল অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা করে। ঘটনাস্থলেই রাত্রি মারা যান। গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

প্রাথমিকভাবে পাওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা ফজলে আশিক জানান, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভিযুক্ত শিপনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।