Advertisement

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ছবি: চরচা

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

Advertisement

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনার দাকোপ থানার সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনের গহিন এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

Advertisement

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার ও চারটি একনলা বন্দুকের পাইপ। এ ছাড়া ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সুমন আল মুকিত বলেন, “সুন্দরবনের সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় বনের গহীনে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ মজুদ করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ১০টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও বিসিজি আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।”

মিডিয়া কর্মকর্তা জানান, অভিযান সময় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা এসব অস্ত্র উদ্ধার করা হয়।

সুমন আল মুকিত বলেন, ডাকাতদলকে শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।