Advertisement

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ববি শিক্ষকদের মানববন্ধন
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। ছবি: চরচা

সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষকরা। এ সময় নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের কঠোর হাতে দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।

Advertisement

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ বলেন, “সারা দেশে পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। বাংলাদেশি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ দেশপ্রেমিক শক্তি ও জনগণ এসব অপতৎপরতা প্রতিহত করবে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে মেহেদী হাসান সোহাগ আরও বলেন, “দ্রুত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।”

Advertisement

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির বলেন, “২০২৪ সালের পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল, তারা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।”

এ সময় আবদুল আলিম বছির সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুরের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

আবদুল আলিম বছির বলেন, “শিক্ষক সমাজ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড সভ্যতার পরিপন্থী। বর্তমান সরকারের কাছে তাদের প্রত্যাশা, সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করে দেশে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করা। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী শাস্তি কার্যকর করতে হবে।”

আবদুল আলিম বছির আরও বলেন, “কোনো দেশের দাসত্ব করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব থাকবে, তবে কোনো প্রভুত্ব মেনে নেওয়া হবে না।”

কর্মসূচিতে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ, অধ্যাপক ছাদেকুর রহমান, সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন, সহকারী প্রক্টর প্রভাষক গাজী সাখাওয়াত হোসেন, সহকারী প্রক্টর মিনহাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষক।