আগামী অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে দুই দল, যা চলমান আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, আগামী ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড। এরপর ২২ থেকে ২৪ অক্টোবর ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবে ক্যারিবিয়ানরা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা থাকবে, সেটা উল্লেখ করা হয়নি।
আগামী ২৮ অক্টোবর থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হবে ৫ নভেম্বর থেকে। এই ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দুটি টেস্টই শুরু হবে সকাল ১০টায়।
টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমান বাংলাদেশ আছে চতুর্থ স্থানে। সেরা দুইয়ে থাকার আশা টিকিয়ে রাখতে হলে ঘরের মাটিতে এই সিরিজে জিততেই হবে নাজমুল হোসেনের দলকে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ তালিকায় অষ্টম স্থানে থাকায় এগিয়ে থেকেই নামবে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ গত বছরও বাংলাদেশ সফরে এসেছিল। তবে সেবার অংশ নিয়েছিল কেবল সাদা বলের সিরিজে। স্বাগতিকরা ওয়ানডেতে ২-১ ব্যবধানে জিতলেও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হতে হয়েছিল বাংলাদেশকে।