সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনজীবীদের ওপর হামলা, শারীরিক নির্যাতন ও হয়রানির একাধিক ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, “আইনজীবীরা বিচারব্যবস্থার অপরিহার্য অংশ। তাদের ওপর এ ধরনের হামলা শুধু ব্যক্তির নিরাপত্তা ও মর্যাদার লঙ্ঘন নয়, বরং আইনজীবীদের পেশাগত স্বাধীনতা, বিচারপ্রক্রিয়ার স্বাভাবিক পরিবেশ এবং আইনের শাসনের জন্যও গুরুতর হুমকি।
“গত ১৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে সাবেক মেয়র সাঈদ খোকনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আইনজীবী সাইফুল ইসলাম সোহাগকে কয়েকজন ব্যক্তি মারধর করেন। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে তাকে মাটিতে ফেলে একাধিক ব্যক্তির মারধরের দৃশ্য দেখা গেছে।
“গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তাকে আওয়ামী লীগ-সমর্থক হিসেবে চিহ্নিত করে এই হামলা চালানো হয়। একই দিন জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও দলটির সংসদীয় দলের মুখপাত্র নজিবুর রহমান অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামকে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে একটি কক্ষে আটকে রেখে রড দিয়ে মারধর করেন এবং এতে তার হাত ভেঙে যায়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিও তিনি সংসদে উত্থাপন করেন।
“এ ছাড়া, সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে তার শিশুসন্তানের সামনে থেকে ধরে নিয়ে থানায় হস্তান্তরের ঘটনাতেও গণমাধ্যমে প্রকাশিত সংবাদে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের সম্পৃক্ততার বিষয়টি উঠে এসেছে।
“আসক সংশ্লিষ্ট সকলকে মনে করিয়ে দিতে চায়, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে প্রত্যেক ব্যক্তির আইনের আশ্রয় লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। একইভাবে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২-এর ১০(ঙ) অনুচ্ছেদে তালিকাভুক্ত আইনজীবীদের অধিকার, বিশেষাধিকার ও স্বার্থ সংরক্ষণকে বাংলাদেশ বার কাউন্সিলের অন্যতম দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে।
“আন্তর্জাতিক পর্যায়েও আইনজীবীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার স্বীকৃতি রয়েছে। ১৯৯০ সালে গৃহীত জাতিসংঘের ‘বেসিক প্রিন্সিপলস অন দ্য রোল অব লইয়ার্স’-এর ১৬ ও ১৭ অনুচ্ছেদে আইনজীবীদের ভয়ভীতি, বাধা, হয়রানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ছাড়া পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের কারণে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রাষ্ট্রীয় সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। বিশেষভাবে, ১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, আইনজীবীদের তাদের মক্কেল বা মক্কেলের দাবি ও অবস্থানের সঙ্গে এক করে দেখা যাবে না। অর্থাৎ, কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় বা অবস্থানের কারণে তার আইনজীবীকে আক্রমণ বা হয়রানির শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
“আসক এসব ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও কার্যকর তদন্তের দাবি জানাচ্ছে। একই সঙ্গে, তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় নির্ধারণ এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। আসক মনে করে,দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং বিচারব্যবস্থার প্রতি জনআস্থা বজায় রাখার স্বার্থেই এসব ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি।”