Advertisement

ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি নিয়ে উদ্বেগ আসকের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

ধীরেন্দ্রনাথ দত্তের সম্পত্তি নিয়ে উদ্বেগ আসকের
আইন ও সালিশ কেন্দ্র। ছবি: আসকের ফেসবুক পেজ

কুমিল্লার ধর্মসাগরপাড়ে ভাষাসৈনিক, সংবিধান প্রণেতা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক বাসভবনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলিতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করছে।

Advertisement

এক বিবৃতিতে সংস্থাটি, ঐতিহাসিক বাড়িটি সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার নামে একটি গোষ্ঠী এর একমাত্র উত্তরাধিকারী আরমা দত্তের নামে স্থাপিত সাইনবোর্ড ভেঙে ফেলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে আরমা দত্তের সম্পত্তির অধিকার ও মর্যাদা রক্ষায় তার অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করছে আসক।

Advertisement

আসক মনে করে, ধীরেন্দ্রনাথ দত্তের ঐতিহাসিক অবদান সংরক্ষণ করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কিন্তু সেই দায়িত্ব পালনের নামে তার একমাত্র উত্তরাধিকারী আরমা দত্তের সম্পত্তির অধিকার উপেক্ষা করা কিংবা তাকে তার পৈতৃক সম্পত্তি থেকে জোরপূর্বক বিচ্ছিন্ন করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, “গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আরমা দত্ত উত্তরাধিকারসূত্রে বাড়িটির মালিক এবং বাড়িটি নিয়ে কী করা হবে, তা তার ব্যক্তিগত ও আইনগত এখতিয়ার বলে জানিয়েছেন। তিনি বাড়িটি দখলের ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেছেন। তার এই উদ্বেগকে উপেক্ষা করে ঐতিহাসিক সংরক্ষণের নামে কোনো উদ্যোগ গ্রহণ করা হলে তা একজন নাগরিকের সম্পত্তির অধিকার ও মর্যাদার প্রতি গুরুতর অবজ্ঞা হবে।”

আসক বিবৃতিতে আরও জানিয়েছে, বাংলাদেশের সংবিধানের ৪২ অনুচ্ছেদ অনুযায়ী, আইনসম্মত কর্তৃত্ব ছাড়া কোনো নাগরিককে তার সম্পত্তি থেকে বঞ্চিত করা যায় না। কোনো রাজনৈতিক দল, সংগঠন কিংবা বিশেষ কোন গোষ্ঠীর চাপ ব্যক্তিমালিকানাধীন সম্পত্তিতে জোরপূর্বক হস্তক্ষেপের বৈধতা তৈরি করতে পারে না।

এ প্রেক্ষাপটে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাম্প্রতিক উদ্যোগ নিয়েও আসক উদ্বেগ প্রকাশ করেছে। বাড়িটির উত্তরাধিকারী আরমা দত্ত যখন একটি সংঘবদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে তার পৈতৃক সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ করছেন, ঠিক সেই সময়ে গতকাল সোমবার অধিদপ্তর বাড়িটি সংরক্ষণের বিষয়ে একটি কমিটি গঠন করেছে। অধিদপ্তরের চিঠিতে বাড়িটিকে ‘পরিত্যক্ত’ হিসেবে উল্লেখ করাও প্রশ্নের জন্ম দিয়েছে।

আসক ধীরেন্দ্রনাথ দত্তের উত্তরাধিকারীর মর্যাদা ও সম্মান অক্ষুণ্ণ রেখেই তার অবদান যথাযথভাবে সংরক্ষণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে,সাইনবোর্ড ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত, দায়ীদের জবাবদিহি, আরমা দত্তের নিরাপত্তা নিশ্চিত করা, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ভুল তথ্য সংবলিত অফিস আদেশটি প্রত্যাহারের দাবি জানিয়েছে সংস্থাটি।