বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন।
মামলার আসামিরা হলেন— ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর সদস্যসচিব আ ন ম আয়াস, মো. সাকিবুল হাসান, সুজন মিয়া এবং মারজিয়া খন্দকার রিমি। এদের মধ্যে আ ন ম আয়াস ও সাকিবুল হাসানকে ৩ দিন এবং সুজন ও মারজিয়া খন্দকার রিমিকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
শুনানিকালে আসামিদের আদালতে হাজির করে শাহবাগ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল গাফফার হিমেল ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীর যুক্তির ভিত্তিতে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে দেন।
এর আগে গতকাল শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি ছিটিয়ে বিকৃত করার চেষ্টাকালে এক নারীসহ এই চারজনকে আটক করে পুলিশ। পরবর্তীতে শাহবাগ থানার উপ-পরিদর্শক জিয়াউল হক বাদী হয়ে অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মামলা দায়ের করেন।