আগামী বছরের ২১ জানুয়ারি শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও বিতরণ নিয়ে আলোচনা করতে আগামী ১৬ নভেম্বর বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৈঠকে ইউপি নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি ইসির ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস’ (আইডিইএ) প্রকল্পের আওতায় স্মার্ট এনআইডি কার্ড তৈরি, ব্যক্তিগত তথ্য সংযোজন (পারসোনালাইজেশন) ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার নিয়েও আলোচনা হবে।
আজ বুধবার বিকেলে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, “প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৈঠকে সভাপতিত্ব করবেন। অন্য চার নির্বাচন কমিশনারও এতে উপস্থিত থাকবেন।”
বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর একটি হলো পাঁচ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। অন্যটি স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য নির্ধারিত পারসোনালাইজেশন সেন্টার।
গত ১২ অক্টোবর নির্বাচন কমিশন জানায়, আগামী বছরের ২১ জানুয়ারি থেকে ২৭ মে পর্যন্ত পাঁচ ধাপে ইউপি নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের ভোট হবে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে।
পাঁচ ধাপের ভোটই বৃহস্পতিবার আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির। উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদ এবং যেসব ইউনিয়নে নির্বাচনের সময় পেরিয়ে গেছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
গত ৮ নভেম্বর আখতার আহমেদ জানিয়েছিলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন।