Advertisement

দিনভর অবরুদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

দিনভর অবরুদ্ধ অধ্যক্ষ, পদত্যাগ দাবিতে মধ্যরাতে সড়কে শিক্ষার্থীরা
অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের। ছবি: সংগৃহীত

ঢাকার গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছাকে দিনভর অবরুদ্ধ রাখার পর তার পদত্যাগের দাবিতে মধ্যরাতে কলেজের সামনের রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

Advertisement

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকেই অধ্যক্ষকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিলেন। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে কার্যালয় থেকে উদ্ধার করে নিয়ে যায়।

Advertisement

অধ্যক্ষকে বের করে নেওয়ার পর থেকে কলেজের সামনের সড়কে নেমে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। মধ্যরাতের পরও সেখানে শতাধিক শিক্ষার্থীকে বিক্ষোভ করতে দেখা যায়। তারা অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করছেন।

আন্দোলনরত শিক্ষার্থী ও কলেজ প্রশাসন সূত্রে জানা যায়, পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে তিনটি আবাসিক হলের পাঁচটি বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি প্রাথমিকভাবে রাত ১০টার মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়িয়ে মধ্যরাত পর্যন্ত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত অনুষ্ঠানটি ভোর ৫টা পর্যন্ত চলে।

অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহার করার অপরাধে অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেছা পরে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছ থেকে এক রাতের অডিটোরিয়ামের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়।

কলেজের স্নাতকোত্তরের প্রথম পর্বের শিক্ষার্থী তাবাসসুম সাংবাদিকদের বলেন, “দুইটা স্টুডেন্টের সিট অযৌক্তিকভাবে বাতিল করার কারণেই এই আন্দোলন। আমরা ম্যাডামের কাছে হাত জোড় করে ক্ষমা চাইলে ম্যাডাম বলেন, আমাদের স্যরি অ্যাকসেপ্ট করেছেন এবং শাস্তিস্বরূপ এক রাতের অডিটোরিয়ামের বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা দিতে হবে। আমাদের স্টুডেন্টদের পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না।”

অবরুদ্ধ থাকা অবস্থায় সন্ধ্যায় অধ্যক্ষ মেহেরুন্নেছা সাংবাদিকদের বলেন, “শিক্ষার্থীরা যা বলছে, তা টোটালি ঘটনার বিপরীত। আমি ওদের একটা অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম রাত ১২টা পর্যন্ত। ওরা ৫টা পর্যন্ত অনুষ্ঠান করেছে। আমি একটু রেগে গিয়ে ওদের দুইজনের আসন বাতিল করে দিয়েছি। পরবর্তীতে ওরা আমার কাছে মাফ চেয়েছে। আমি একটু নমনীয় হয়ে বলেছি, যেহেতু কোনো ডিসিপ্লিন মেইনটেইন করে নাই, ভবিষ্যতে শৃঙ্খলা বজায় রাখার জন্য শাস্তির আওতায় আসতে হবে। ওরা লংটাইম বিদ্যুৎ অপচয় করছে, এই বিলটা ওদের কাছ থেকে আমি নিব। এই জরিমানার নোটিশ আমি দিয়েছি, এটাই আমার অপরাধ।”

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফুটেজে দেখা যায়, অধ্যক্ষকে উদ্ধার করতে গেলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। তা একসময় ধাক্কাধাক্কিতে রুপ নেয়। পরে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সরিয়ে অধ্যক্ষকে বের করে আনেন।

শিক্ষার্থীদের হেনস্তার বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জামিল হোসেন বলেন, “হেনস্তা কেন হবে? মেয়েরা ম্যামকে আটকায় রাখছে। আমরা উদ্ধার করতে গেছি। উল্টো নারী পুলিশদের তারা খামচি দিয়েছে। আর একটুতো ধাক্কাধাক্কি হয়। গতকাল রাত ১২টার দিকে অধ্যক্ষকে উদ্ধার করে আনি। উনি অসুস্থ হয়ে গেছেন। বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”