রাজধানীর গাবতলীর দীপনগর এলাকায় গাড়িতে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে ইমরান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ফারুক নামে আরও একজন আহত হয়েছেন।
আজ শনিবার দিবাগত রাতে শীতাতপ নিয়ন্ত্রিত (ফ্রিজিং) মাছবাহী একটি কাভার্ড ভ্যানে গ্যাস নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। ফারুক বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
নড়াইলের লোহাগড়া উপজেলার এরেন্দা গ্রামের সরোয়ার মোল্লার ছেলে ইমরান মাছের কোল্ড স্টোরেজের কাজ করতেন। ফারুক ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কসুপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি একটি প্রতিষ্ঠানের গাড়িচালক।
আহতদের হাসপাতালে নিয়ে আসা বিল্লাল হোসেন জানান, কাভার্ড ভ্যানে সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ইমরান ও ফারুক গুরুতর দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসা চলছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।