রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের বিমের ওপর থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শাহজাহানপুর থানাধীন মৌচাক মোড় সংলগ্ন মালিবাগ ফ্লাইওভারের দ্বিতীয় তলার একটি বিমের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আজ বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী ভবঘুরে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম বলেন, “মঙ্গলবার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফ্লাইওভারের দ্বিতীয় তলার পিলারের পূর্ব পাশের বিমের ওপর থেকে হাত-পা বাঁকানো অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।”
এসআই বলেন, “মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। নারীর শরীর ফুলে গিয়েছিল এবং বিভিন্ন স্থানে পোকা ধরেছিল। দীর্ঘদিন লাশ পড়ে থাকায় পোশাকগুলো শরীরের সঙ্গে লেগে গিয়েছিল।”
পুলিশের এই কর্মকর্তা বলেন, “এখন পর্যন্ত ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”